
ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ‘ব্যর্থ পণ্য’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অভিযোগ করেছেন, বিশ্ব যখন নতুন ব্যবস্থার সন্ধান করছে, তখন কিছু মানুষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
নয়াদিল্লিতে আয়োজিত এনডিটিভি ওয়ার্ল্ড সামিটে প্রধান অতিথির বক্তব্যে মোদি বলেন, একটি পরিবারকে বারবার ব্যর্থতার গ্লানি থেকে রক্ষা করতে গিয়ে কংগ্রেস ভারতের অর্জন ও অগ্রগতিকে প্রশ্নবিদ্ধ করছে। কংগ্রেসের নেতৃত্ব নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, শ্রীহরিকোটা থেকেও বছরে এতবার রকেট উৎক্ষেপণের চেষ্টা করা হয় না, যতবার কংগ্রেস তাদের এই নেতাকে সামনে আনার ব্যর্থ চেষ্টা চালায়।
কংগ্রেসকে ‘পরজীবী’ আখ্যা দিয়ে মোদি বলেন, দলটি অন্য কাউকে এগিয়ে যেতে দিতে চায় না। তাঁর অভিযোগ, উগ্র মানসিকতার কিছু ব্যক্তি কংগ্রেসকে নিয়ন্ত্রণ করছে এবং তারা দেশের ক্ষতি চায়। সংসদে হইচই করে দলটি তরুণ ও মেধাবী বিরোধী সংসদ সদস্যদের পাশাপাশি সরকারের গঠনমূলক সমালোচকদের কণ্ঠও দমিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বৈশ্বিক ব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, বর্তমান বিশ্বে বাণিজ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, প্রযুক্তি প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠেছে এবং সামুদ্রিক পথগুলো ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে।
বিশ্ব সংস্থাগুলোকে আরও কার্যকর করা এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করে মোদি বলেন, এ ক্ষেত্রে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।