
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মেহরদাদ আখলাঘির নাম মনোনয়ন দিয়েছেন তিনি।
আখলাঘি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের তথ্য অনুযায়ী, তিনি প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্বে ছিলেন। সর্বশেষ তিনি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ নির্বাহী হিসেবে কাজ করছিলেন।
ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার পর থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে কয়েকজন সামরিক কর্মকর্তা সামলে আসছিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর দিকেই তিনি নিহত হন।
এদিকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি সরকারি সফরে কাতারে গেছেন। তাসনিমের খবরে বলা হয়েছে, সফরে তিনি কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন হামাদ বিন খলিফা আল থানিসহ দেশটির বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকার মধ্যেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফের আলোচনা শুরুর উদ্যোগে মধ্যস্থতা করে যাচ্ছে কাতার। দুই দেশের মধ্যে সংলাপ পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে দোহা তার কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
এর আগে গত মাসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্পের’ সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর ভাষ্য, ওই হামলার ‘কম্পন’ শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; এর প্রভাব অঞ্চলটির সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত পৌঁছেছে।