
বিশ্ব শিক্ষক দিবসের র্যালি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চবিদ্যালয়ের শোভাযাত্রায় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে তিল্লী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় শোভাযাত্রায় ব্যবহৃত ব্যানারটিও জব্দ করে পুলিশ।
পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দুপুর ১২টার দিকে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এটি তিল্লী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় মাঠে ফিরে আসে। সেখানে পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার সময় স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে আসে, ব্যানারের এক পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা একটি লোগো রয়েছে। বিষয়টি নিয়ে তারা পুলিশকে অবহিত করলে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ব্যানারটি জব্দ করে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যাওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোরহাব হোসেন বলেন, ঘটনাটি অনিচ্ছাকৃত ও অনভিপ্রেত। ব্যানারটি প্রধান শিক্ষক নিজেই তৈরি করে এনেছিলেন। তবে ব্যানারের এক পাশে ছোট করে থাকা লোগোটির লেখাটি আগে কারও নজরে আসেনি।
আবুল হাশেম ভূঁইয়ার বাড়ি পাশের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের আগ-কলিয়া গ্রামে। ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইদ্রিস আলী জানান, আবুল হাশেম স্থানীয় কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন।
তবে পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনার পর প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।