
আবাসন সংকট নিয়ে দেশজুড়ে বিক্ষোভ এবং পার্লামেন্টে সরকারের দুটি আবাসন-সংক্রান্ত প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সোমবার (৫ অক্টোবর) টেলিভিশনে দেওয়া ভাষণে সানচেজ জানান, আগামী ২৯ নভেম্বর স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সানচেজ বলেন, জনগণের জন্য আরও বেশি কাজ করতে হলে তাদের সমর্থন নতুন করে পাওয়া প্রয়োজন। একই সঙ্গে পার্লামেন্টে আরও বিস্তৃত সংখ্যাগরিষ্ঠতা দরকার, যাতে সরকার কার্যকরভাবে দেশের বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে পারে।
স্পেনে আবাসন ব্যয় ও ভাড়ার ঊর্ধ্বগতি নিয়ে কয়েক সপ্তাহ ধরেই ক্ষোভ বাড়ছিল। গত শুক্রবার পার্লামেন্টে সরকারের দুটি জরুরি আবাসন প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। এর একটি প্রস্তাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ভাড়াটেদের উচ্ছেদ ঠেকানো এবং স্বল্পমেয়াদি ভাড়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালুর কথা ছিল। অন্যটিতে কিছু ভাড়া চুক্তিকে আরও স্থিতিশীল করার উদ্যোগ ছিল।
পার্লামেন্টে প্রস্তাব দুটি আটকে যাওয়ার পর শনিবার রাজধানী মাদ্রিদসহ স্পেনের বিভিন্ন শহরে আবাসন সংকটের প্রতিবাদে বড় বিক্ষোভ হয়। সরকারি হিসাবে, শুধু মাদ্রিদেই বিক্ষোভে ৭০ হাজারের বেশি মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, প্রকৃত অংশগ্রহণকারীর সংখ্যা আরও বেশি ছিল।
আবাসন সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়ে জনঅসন্তোষের পাশাপাশি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার অভাবও সানচেজ সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের আগে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেন স্পেনের প্রধানমন্ত্রী।
সূত্র: রয়টার্স, এপি ও আল জাজিরা।