
সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশে একটি বেসামরিক বাসে বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা (SANA)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাসিয়াফ সেতু পার হওয়ার সময় বাসটিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা। বাসটিতে একটি প্রতিষ্ঠানের কর্মীরা কাজ শেষে বাড়ি ফিরছিলেন।
হামলার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেন। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন হোমসের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল বাসেম মুহাম্মদ শাবান। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘হোমস প্রদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা হিসেবেই আমরা এই হামলাকে দেখছি। এই অপরাধের বিচার হবে এবং অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত অভিযান চলবে।’
এদিকে, বাসে হামলার কয়েক ঘণ্টা আগে রাজধানী দামেস্কের কাছে পূর্ব ঘৌতায় একটি গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দেয়। এতে তিনটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়।
সিরিয়ার বিদ্যুৎ কোম্পানির বরাতে সানা জানিয়েছে, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় দেইর আলি, আল-নাসিরিয়াহ ও তিশরিন বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। তিশরিন বিদ্যুৎকেন্দ্রেও আগুন লাগে।