
ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন গন্তব্য পালাওয়ান দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে।
ফিলিপাইনের কোস্টগার্ড জানিয়েছে, এম/ভি জুন অ্যাস্টার নামের ফেরিটিতে আগুন লাগার সময় এটি উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আগুন দ্রুত পুরো ফেরিটিকে গ্রাস করে নেয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
কোস্টগার্ড ক্যাপ্টেন নোয়েমি কায়াবায়াব এএফপিকে বলেন, “আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছাতে আমরা বেশি সময় নিইনি। ফেরিটি থেকে ৪২ জনকে জীবিত এবং ৫ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮৭ জন নিখোঁজ অবস্থায় আছেন।”
তিনি জানান, জীবিত উদ্ধার হওয়া ৪২ জনের মধ্যে ৩৮ জন যাত্রী এবং চারজন ফেরিটির ক্রু। নোয়েমি বলেন, “আগুন ধরে যাওয়ার পর অনেক যাত্রী আতঙ্কিত হয়ে সাগরে ঝাঁপ দিয়েছেন। কমপক্ষে ৮৭ জন যাত্রী এখনও নিখোঁজ, তাদের অনুসন্ধানে তৎপরতা শুরু হয়েছে।”
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে নোয়েমি এএফপিকে বলেন, “যারা উদ্ধার হয়েছেন, তাদের সঙ্গে আমরা এখনও কথা বলতে পারিনি। তাদের সঙ্গে কথা বললে হয়তো আগুন লাগার কারণ সম্পর্কে জানা যাবে।”
বাণিজ্যিক জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এম/ভি জুন অ্যাস্টার রাজধানী ম্যানিলা থেকে পালাওয়ানের উদ্দেশে যাত্রা করেছিল।