
আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।
তবে এই অর্থ কীভাবে দেওয়া হবে কিংবা এ ধরনের অর্থ বিতরণের আইনি ভিত্তি কী হবে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে প্রায় ২৭ কোটি প্রাপ্তবয়স্ক নাগরিক রয়েছেন। তাদের প্রত্যেককে ৫ হাজার ডলার করে দিতে হলে সরকারের প্রায় ১ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের প্রাইমটাইম ভাষণে ট্রাম্প তাঁর প্রেসিডেন্ট মেয়াদের প্রথম দুই বছরকে ‘ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দুই বছর’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে জনপ্রিয়তা কমে যাওয়ার মধ্যেও আসন্ন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার কেন্দ্রবিন্দুতে নিজেকে রাখার চেষ্টা করেন তিনি।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে ট্রাম্পের এই ঘোষণার প্রভাব কতটা পড়বে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
ভাষণে ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটদের হাতে আমেরিকার ভবিষ্যৎ তুলে দেওয়া হলে দেশকে আবার ঘুরে দাঁড়াতে পরবর্তী এক দশক সময় লেগে যাবে।