
ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন তিনি। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে ইরানের সঙ্গে যুদ্ধ ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব বা ‘গ্রিন’ নীতিকে দায়ী করেন ট্রাম্প। তাঁর দাবি, বর্তমান প্রশাসন ‘দ্রুত খাদ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম কমিয়েছে’।
ইরানের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জিতলেই তেলের দাম কমে যাবে।’
এরপর তিনি আরও বলেন, ‘আমরা জিতব। আমরা জিতছিও। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট।
রসিকতার সুরে ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এতে খুবই আনন্দিত হবে।’
ইরান প্রসঙ্গে ট্রাম্প আরও বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে এসেছে। তবে এখন আর ইরান সেই অবস্থানে নেই বলেও মন্তব্য করেন তিনি।