
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার প্রতিষ্ঠার প্রতিও বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।
সাক্ষাতে ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকৃত পশ্চিম তীরের ই-১ এলাকায় ইসরায়েলের বসতি সম্প্রসারণের পরিকল্পনা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের পরিপন্থী।
এ সময় গাজা উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় করেন তারা।