
গাজা সিটিতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি জনাকীর্ণ ক্যাফেতে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১৪ জন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য তৈরি একটি শিবিরে পরিণত হওয়া ক্যাফেটিতে এ হামলা চালানো হয়।
ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানায়, হামলার পর বেশ কয়েকজনের মরদেহ আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত পরিকল্পনা নিয়ে এখনো আপত্তি জানিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর অবস্থান, হামাস অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না।
অন্যদিকে হামাস বলছে, গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না। বর্তমানে গাজার প্রায় ৬০ শতাংশ এলাকা ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, মঙ্গলবারের হামলায় হামাসের কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তাদের ভাষ্য, ওই কমান্ডাররা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছিলেন। তবে এই দাবির সমর্থনে কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী।
হামলার পর দেওয়া এক বিবৃতিতে হামাস ঘটনাটিকে মধ্যস্থতাকারী ও যুদ্ধবিরতির নিশ্চয়তাদানকারী দেশগুলোর পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির সব আহ্বানের প্রতি ‘নির্লজ্জ অবজ্ঞা’ হিসেবে আখ্যায়িত করেছে।