
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সাবেক এই তারকা। তবে তুরস্কের এক সংসদ সদস্য এমন দাবি করলেও কার্লোস নিজে এখনো প্রকাশ্যে তার ধর্মান্তরের বিষয়টি নিশ্চিত করেননি। ফলে খবরটি সত্য, নাকি কেবল গুঞ্জন—তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
ইসলাম গ্রহণের দাবিটি প্রথম সামনে আসে তুরস্কের একে পার্টির গাজিয়ানতেপের সংসদ সদস্য আলি শাহিনের বক্তব্যের মাধ্যমে। ব্রাজিল সফরের সময় তিনি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে শাহিন বলেন, ব্রাজিলিয়ান ইসলামি ব্যক্তিত্ব শেখ জিহাদ হাম্মাদেহের কাছ থেকেই তিনি রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের বিষয়টি জানতে পেরেছেন। একই সঙ্গে ইসলাম গ্রহণের জন্য ব্রাজিলের সাবেক এই ফুটবল তারকাকে অভিনন্দনও জানান তিনি।
আলি শাহিনের দাবি, রবার্তো কার্লোসের সঙ্গে শেখ জিহাদ হাম্মাদেহের বেশ কিছুদিন ধরে যোগাযোগ ছিল। প্রায় চার সপ্তাহ আগে সাও পাওলোতে তাদের দুজনের সাক্ষাৎ হয় বলেও জানান তিনি।
শাহিনের বক্তব্য অনুযায়ী, ওই সাক্ষাতের সময়ই রবার্তো কার্লোস শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। তবে এই দাবির সমর্থনে এখন পর্যন্ত কার্লোসের নিজের কোনো প্রকাশ্য বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আলি শাহিনের বক্তব্য প্রকাশের পর বিষয়টি তুরস্কের বিভিন্ন সংবাদমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আন্তর্জাতিক ফুটবল সংবাদমাধ্যম গোলও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে গোলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রবার্তো কার্লোস নিজে এখনো ইসলাম গ্রহণের খবর নিশ্চিত করেননি।
এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রবার্তো কার্লোসের সঙ্গে মরক্কোর বংশোদ্ভূত স্প্যানিশ নারী সুহাইলা এল তাহিরির বিয়ের কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। এতে তাদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়।
তবে তাদের বিয়ের বিষয়টি সাম্প্রতিক কোনো ঘটনা নয়। চলতি বছরের শুরু থেকেই রবার্তো কার্লোস ও সুহাইলা এল তাহিরির বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
সবশেষে বলা যায়, রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণের খবরটি এখনো মূলত আলি শাহিনের বক্তব্যের ওপর নির্ভরশীল। কার্লোস নিজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত এটিকে নিশ্চিত খবর হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।