
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন। বুধবার (১৯ আগস্ট) ভোরে নিউ মার্কেট সংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, নিহত সবাই চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিক। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
জানা গেছে, বুধবার রাত আনুমানিক ২টার দিকে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার পর ভবনের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। প্রাথমিকভাবে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘন ধোঁয়ার কারণে ভবনের ওপরের তলাগুলোতে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়।
পুলিশের এক কর্মকর্তা এএনআই ও পিটিআইকে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।
এর মাত্র দুই দিন আগে, গত ১৭ আগস্ট পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে ‘হোটেল বিদেশিণী’ নামে একটি পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোরের ওই আগুনে মেঘালয়ের একটি পরিবারের পাঁচ সদস্যসহ মোট আটজন নিহত হন।