
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল। রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পরে পরিস্থিতি পর্যালোচনা করে সুনামি সতর্কতা প্রত্যাহার করেছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি)।
স্থানীয় সময় শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। ভূমিকম্পটির কেন্দ্র নাগেওকেওর মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ছিল।
বিএমকেজি জানিয়েছিল, শক্তিশালী এ ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনায় পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশের বাসিন্দাদের সতর্ক করা হয়। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
তবে পরে পরিস্থিতির হালনাগাদ তথ্য জানিয়ে বিএমকেজি সুনামি সতর্কতা প্রত্যাহারের ঘোষণা দেয়। সংস্থাটি জানায়, ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পকে কেন্দ্র করে জারি করা সুনামি সতর্কতা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।