
হরমুজ প্রণালিতে নৌযান চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে মাত্র ৯টি জাহাজ পার হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানিয়েছে শাফাক নিউজ। এর আগের দিন প্রণালিটি অতিক্রম করেছিল মাত্র ৫টি জাহাজ। অথচ আগস্ট মাসে প্রতিদিন গড়ে ১২টি জাহাজ এই পথ ব্যবহার করেছে।
কেপ্লারের তথ্য বলছে, বৃহস্পতিবার হরমুজ প্রণালি অতিক্রম করা জাহাজের মধ্যে মাত্র দুটি সরাসরি প্রণালিটি পার হয়েছে। আরেকটি তেলবাহী জাহাজ উপসাগরের দিকে যাচ্ছিল। তবে এই তিনটি জাহাজের কোনোটিতেই তেল ছিল না।
হরমুজ প্রণালিতে আরও দুটি জাহাজে হামলার পর থেকেই নৌযান চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজন হলে তারা অনির্দিষ্টকাল নৌ অবরোধ অব্যাহত রাখতে পারে।
গত ১৪ জুলাই ইরানের ওপর পুনরায় নৌ অবরোধ কার্যকর করার পর থেকে এখন পর্যন্ত ৬২টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে মার্কিন বাহিনী। পাশাপাশি তিনটি জাহাজের চলাচল বন্ধ এবং আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
বৃহস্পতিবারও হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে সংযুক্ত আরব আমিরাত। তবে অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, নৌ অবরোধ কার্যকর রাখতে মধ্যপ্রাচ্যে দীর্ঘ সময় ধরে নৌবাহিনীর উপস্থিতি বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। একই সঙ্গে ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন।