
মুসলিম যাত্রীদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের ডালাস-ফোর্ট ওর্থ আন্তর্জাতিক বিমানবন্দরে শৌচাগারের পাশে পৃথক অজুর স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ এ প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ৩১ জুলাই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ লাখ মার্কিন ডলার। ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া প্রকল্পের আওতায় বিমানবন্দরের ডি টার্মিনালের বিদ্যমান শৌচাগারে নারী ও পুরুষের জন্য পৃথক অজুর ব্যবস্থা করা হবে।
প্রকল্প-সংক্রান্ত নথিতে বলা হয়েছে, সাধারণ বেসিনে পা ধোয়ার কারণে শৌচাগারের মেঝে ভিজে যাওয়া এবং বেসিন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে নিচু উচ্চতার বিশেষ অজু স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি বড় আন্তর্জাতিক বিমানবন্দরেও এ ধরনের অজুর ব্যবস্থা রয়েছে।
তবে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে অজুর সুবিধা এবারই প্রথম চালু হচ্ছে না। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, টার্মিনাল ডি-এর ডি৪০ গেটের কাছে থাকা ইন্টারফেইথ চ্যাপেল ২০১৯ সালে চালুর সময় সেখানে দুটি অজু স্টেশন স্থাপন করা হয়েছিল।