
ভারতের লোকসভার মোট আসন সংখ্যা বর্তমান ৫৪৩টিতেই স্থায়ীভাবে নির্ধারণ করতে সংবিধান সংশোধনের আহ্বান জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। একই সঙ্গে রাজ্যভিত্তিক আসন বণ্টন অপরিবর্তিত রাখা এবং আগামী লোকসভা ও পরবর্তী বিধানসভা নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের দাবিও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক চিঠিতে এসব দাবি তুলে ধরেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি আগের দিন তামিলনাড়ু বিধানসভায় গৃহীত প্রস্তাবের বিষয়টিও উল্লেখ করেন। ওই প্রস্তাবে প্রস্তাবিত সংসদীয় ও বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন নিয়ে রাজ্যের উদ্বেগ তুলে ধরা হয়।
বিজয় বলেন, বিধানসভায় গৃহীত প্রস্তাবে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে লোকসভার বর্তমান আসন বণ্টন অপরিবর্তিত রাখার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাব অনুযায়ী, লোকসভার মোট সদস্য সংখ্যা স্থায়ীভাবে ৫৪৩-এ নির্ধারণ করার পাশাপাশি প্রতিটি রাজ্যের জন্য বরাদ্দ আসনের সংখ্যাও বর্তমান অবস্থায় স্থির রাখার কথা বলা হয়েছে।
চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, আমি তামিলনাড়ু বিধানসভায় গৃহীত প্রস্তাবের একটি অনুলিপি সংযোজন করছি। তামিলনাড়ু বিধানসভায় গৃহীত প্রস্তাবটি বিবেচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনী আনার জন্য আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
এর আগে বুধবার তামিলনাড়ু বিধানসভায় ডিলিমিটেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়, আসন বণ্টনের সঙ্গে সম্পর্কিত সংবিধানের ৮১(২)(এ) অনুচ্ছেদ প্রয়োগ করা হলে পরবর্তী আদমশুমারির পর দক্ষিণ ভারতের রাজ্যগুলো লোকসভার আসন হারাতে পারে। আলোচনায় ১৯৬৭ সালের সীমানা পুনর্নির্ধারণের প্রসঙ্গও উঠে আসে, যার ফলে তামিলনাড়ুর লোকসভা আসন ৪১ থেকে কমে ৩৯টিতে নেমে আসে।
বিধানসভার প্রস্তাবে বলা হয়েছে, ১৯৭১ সালের পরবর্তী জনসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতে লোকসভা আসন পুনর্নির্ধারণ করা হলে দক্ষিণের রাজ্যগুলোর প্রতি দীর্ঘমেয়াদি বৈষম্য তৈরি হতে পারে। কারণ এসব রাজ্য অর্থনৈতিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণের পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচিতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
এর পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন এবং পরবর্তী বিধানসভা নির্বাচনগুলোতে নারীদের জন্য এক-তৃতীয়াংশ বা ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে বিজয় মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছেন—লোকসভার মোট আসন ৫৪৩-এ স্থায়ী রাখতে সাংবিধানিক সংশোধন, রাজ্যভিত্তিক বর্তমান আসন বণ্টন অপরিবর্তিত রাখা এবং আগামী লোকসভা ও পরবর্তী বিধানসভা নির্বাচনগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ নিশ্চিত করা।