
আগামীকাল ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা ও জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
জেলা পুলিশের সঙ্গে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমের স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রমও চালানো হচ্ছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে পুলিশ, এপিবিএন এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এ ছাড়া গোপালগঞ্জ শহরে প্রবেশের বিভিন্ন পথেও নজরদারি বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীকাল ১৫ আগস্ট জেলার সার্বিক আইনশৃঙ্খলার যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য বিজিবি মোতায়েন থাকবে।