
হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের সরকারি মালিকানাধীন দুই ট্যাংকারে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে তীব্র প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
শুক্রবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমিরাতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) দুটি জাহাজ হামলার শিকার হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শুক্রবার ভোরে দেওয়া এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় এডিএনওসির সঙ্গে সংশ্লিষ্ট দুই জাহাজের ওপর ইরানের ‘বৈরী হামলার’ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
তবে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মন্ত্রণালয়। আমিরাতের এই অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে গত শনিবারও সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি মালিকানাধীন ট্যাংকারে একই ধরনের হামলার খবর পাওয়া যায়। অর্থাৎ, এক সপ্তাহের মধ্যেই হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল।
সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, হরমুজ প্রণালিতে ইরান কার্যকর অবরোধ বজায় রেখেছে এবং এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে অর্থ আদায়ের চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই উদ্যোগের বিরোধিতা করে ইরানি জাহাজ চলাচলের ওপর নিজেদের অবরোধ আরোপ করেছে।
এদিকে হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছে, তেহরানের শত্রুদের সঙ্গে সংশ্লিষ্ট কিংবা ইরানের নির্দেশনা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, অর্থনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করার ইরানি প্রচেষ্টা ‘জলদস্যুতার’ শামিল। তাদের দাবি, এমন কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতা, এ অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য সরাসরি হুমকি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবারের জাহাজে হামলার পরও সংযুক্ত আরব আমিরাত এ ঘটনার জন্য আইআরজিসিকে দায়ী করেছিল।
এডিএনওসি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালি অতিক্রমের সময় তাদের মোট ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে।