
ডারউইন টেস্টে বল হাতে দারুণ শুরুর পর ব্যাটিংয়েও অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছে বাংলাদেশ। এরই মধ্যে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত শতক তুলে নিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ইতিহাসেও নাম লিখিয়েছেন তিনি।
মাত্র দ্বিতীয় টেস্টেই পাওয়া এই শতককে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন তানজিদ। তবে ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েই নিজের ব্যাটিংয়ের ধরন পরিবর্তন করেছিলেন বলে জানিয়েছেন এই ওপেনার।
ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম শতকের পর অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তানজিদ তামিম বলেন, ‘প্রথমেই আলহামদুলিল্লাহ। এখানে খেলতে পারাটা দারুণ একটি সুযোগ। আমার জন্য এটি খুবই বিশেষ, কারণ এখানে এটাই আমার প্রথমবার এবং এটি আমার ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট। এর মধ্যেই সেঞ্চুরি করতে পারাটা আমার জন্য সত্যিই বিশেষ।’
দলের চাহিদা অনুযায়ী ব্যাটিং করার লক্ষ্যেই নিজের স্বাভাবিক পদ্ধতিতে কিছুটা পরিবর্তন এনেছিলেন জানিয়ে তিনি বলেন, ‘দল আমার কাছে যেটা চেয়েছে, আমি সেভাবেই খেলার চেষ্টা করেছি। উইকেটও ভালো ছিল। তারা আমাকে বিভিন্নভাবে আক্রমণ করেছে। আমি স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করেছি এবং নিজেকে শান্ত রেখেছি।’
তবে ব্যক্তিগত শতকের উচ্ছ্বাস ছাপিয়ে এখন তানজিদের মনোযোগ দলের সম্ভাবনার দিকে। ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে ভালো সুযোগ দেখছেন তিনি। তার বিশ্বাস, ম্যাচের বাকি সময়গুলোতে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় কিছু অর্জন করা সম্ভব।