
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের প্রস্তাব তুলে দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (১১ আগস্ট) রাতে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, ‘আমরা আমাদের প্রস্তাবগুলো মার্কিন পক্ষের কাছে হস্তান্তর করেছি।’ তাঁর মতে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে। একই সঙ্গে যুদ্ধের অবসানের প্রস্তুতি নিতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টিতেও ওয়াশিংটন ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি।
যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের সময় মার্কিন মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা স্থবির রয়েছে। এর মধ্যেই ইউক্রেনের পক্ষ থেকে নতুন প্রস্তাব দেওয়ার খবর সামনে এলো। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন তিন দফা শান্তি আলোচনায় অংশ নিয়েছিল। তবে ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর ইরানের দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ সরে যাওয়ায় সেই আলোচনা আর এগোয়নি।
এদিকে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে জেলেনস্কি দাবি করেছেন, সেপ্টেম্বরের নির্বাচনের পর রাশিয়া বড় পরিসরে নতুন সেনা নিয়োগের পরিকল্পনা করছে। তাঁর ভাষ্য, নির্বাচনের পর চলতি বছরের শেষ নাগাদ কয়েক লাখ এবং পরবর্তী বছর আরও একই সংখ্যক রুশ সেনাকে দ্রুত যুদ্ধে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এসব সেনা চুক্তিভিত্তিক নিয়োগের বাইরে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে বলে দাবি করেন তিনি।
এর আগে ২০২২ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সামরিক মোতায়েনের অনুমোদন দিলে প্রায় ৩ লাখ সেনা রুশ বাহিনীতে যুক্ত হয়েছিল। তবে নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনার কথা রাশিয়া অস্বীকার করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ গত মার্চে জানিয়েছিলেন, নতুন করে সেনা সমাবেশের কোনো পরিকল্পনা এজেন্ডায় নেই। একই অবস্থান জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহ-সভাপতি দিমিত্রি মেদভেদেভও। গত মাসে তিনি বলেন, দেশে নতুন করে সেনা ডাকার প্রয়োজন নেই এবং এ ধরনের বক্তব্য অপপ্রচার ও ভিত্তিহীন।