
নীলফামারীর ডিমলায় জরাজীর্ণ কাঠের সেতু পরিদর্শনে গিয়ে বিপাকে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার ও তাঁর সঙ্গে থাকা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অতিরিক্ত মানুষের চাপে সাঁকোটির একটি অংশ হঠাৎ ভেঙে পড়লে কয়েকজন নেতাকর্মী নদীর ধারে পড়ে যান। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান সংসদ সদস্য।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ডিমলা উপজেলার ৩ নম্বর ডিমলা ইউনিয়নের নটাবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, নটাবাড়ী গ্রামের সঙ্গে নাউতারা ইউনিয়নের যোগাযোগের মাধ্যম কাঠের সাঁকোটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সেতুটির বর্তমান অবস্থা দেখতে এবং সেখানে নতুন ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে যান নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় তাঁর সঙ্গে উপজেলা আমিরসহ জামায়াতের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গ্রামের বাসিন্দারাও ছিলেন।
সাঁকোটি পরিদর্শনের সময় একপর্যায়ে সেখানে মানুষের সংখ্যা বেড়ে গেলে অতিরিক্ত চাপ পড়ে। এতে সেতুর একটি অংশ মচকে ভেঙে নদীর দিকে পড়ে যায়। আকস্মিক ঘটনায় কয়েকজন নেতাকর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। তবে উপস্থিত স্থানীয় লোকজন ও সফরসঙ্গীদের দ্রুত সহযোগিতায় সংসদ সদস্য নিরাপদে সরে যেতে সক্ষম হন।
ঘটনায় কয়েকজন সামান্য আহত হলেও গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনাটি নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান বলেন, দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ সেতুর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।
পরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় দুর্ঘটনার প্রসঙ্গ তুলে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের এই ঘটনার মধ্য দিয়েই স্পষ্ট হলো গ্রামের মানুষ কত কষ্টে যাতায়াত করছেন। এই এলাকায় নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ ও কাঁচা রাস্তা পাকাকরণে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’