
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আবারও রক্তাক্ত হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শনিবারের এ হামলায় অন্তত ৯ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা টেলিগ্রামে জানায়, কিয়েভের পাঁচটি জেলায় একযোগে হামলা চালানো হয়। এতে বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, ভবন ক্ষতিগ্রস্ত হওয়া এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
এ হামলার সময়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিলের পর চলতি বছরের জুন মাস ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস ছিল। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মস্কো সাম্প্রতিক সময়ে ইউক্রেনের বিভিন্ন শহর ও জনবসতিতে দূরপাল্লার হামলার মাত্রা আরও বাড়িয়েছে।
হামলা শুরুর পরপরই কিয়েভের মেয়র ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক সতর্কবার্তায় বলেন, ‘শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। সবাই নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন।’