
গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত চুক্তিকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এ উদ্যোগকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে এর সফল বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং চুক্তিটি সম্পন্ন করতে তার অঙ্গীকারের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে এ উদ্যোগে ভূমিকা রাখায় মিসর, কাতার, তুরস্ক, যুক্তরাষ্ট্র, পিস কাউন্সিল এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীদারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে সৌদি আরব জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮০৩–এর আওতায় অনুমোদিত সমন্বিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দেশটি বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যেই চুক্তির সব ধাপ সম্পন্ন করা প্রয়োজন।
রিয়াদ আরও গুরুত্বারোপ করেছে গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার, আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনী মোতায়েন, মানবিক সহায়তা নির্বিঘ্নে পৌঁছানো, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে গাজার প্রশাসনিক দায়িত্ব পুনরায় ফিরিয়ে দেওয়ার ওপর।
সৌদি আরবের মতে, এই চুক্তি একটি বিস্তৃত রাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করবে, যা ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবে। একই সঙ্গে পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।