মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক এক শীর্ষ কমান্ডারের মন্তব্যে। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউজের ভেতরে ঢুকেও ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা ইরানের রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনে বলা হয়, ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম এ মন্তব্য করেন।
কানানি মোকাদ্দাম বলেন, ট্রাম্পকে হত্যা করাই যদি উদ্দেশ্য হয়, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেই সক্ষমতা রয়েছে। প্রয়োজন দেখা দিলে তা বাস্তবায়ন করাও সম্ভব বলে তিনি দাবি করেন।
সাক্ষাৎকারে তিনি তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনার প্রসঙ্গও তোলেন। তার দাবি, এই সংলাপের উদ্দেশ্য কোনো শান্তি চুক্তি নয়; বরং দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরা।
আইআরজিসির সাবেক এই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় ইরান শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বসেনি। বরং নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দিতেই আলোচনা চলছে। একই সঙ্গে প্রতিশোধমূলক পদক্ষেপের বিষয়টিও এখনো ইরানের বিবেচনায় রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে কানানি মোকাদ্দামের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউজ বা যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, ফারারু।