
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় মানুষ এখন আত্মরক্ষার বিষয়েও নিজ উদ্যোগে ভাবতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে সাম্প্রতিক অপরাধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, ‘লক্ষণ খুব ভালো নয়।’
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ টেনে এসব মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, হামলার সঙ্গে জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসমক্ষে প্রকাশ করা উচিত। পাশাপাশি তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। এ প্রসঙ্গেই তিনি লেখেন, ‘লক্ষণ খুব ভালো নয়।’
জামায়াত আমিরের দাবি, সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ফলে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার উপায় খুঁজতে বাধ্য হচ্ছে। একই সঙ্গে দেশে একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’
তথ্যসূত্র: ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পোস্ট।