
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর আবারও বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার বিকেলে মাশহাদ থেকে আসা একটি যাত্রীবাহী বিমান অবতরণের মধ্য দিয়ে বিমানবন্দরটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়।
হরমোজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাস কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তীরে অবস্থিত। রাজধানী তেহরান থেকে শহরটির দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় বিমানবন্দরটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় গত চার মাস ধরে সংস্কার ও মেরামতের কাজ চলছিল। সেই কাজ শেষ হওয়ায় আবারও ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যায়ক্রমে আগামী কয়েক দিনের মধ্যে তেহরান, শিরাজ ও ইয়াজদের সঙ্গে নিয়মিত অভ্যন্তরীণ ফ্লাইটও চালু করা হবে।