
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
শনিবার দিবাগত রাত ১টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।
রোববার (৫ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার নিয়ামতপুর পূর্বপাড়া গ্রামের ইকবাল হোসেন ইমন (৩১), একই উপজেলার রতনপুর ভবানীপুর গ্রামের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদী উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের সজীব মণ্ডল (২৭), একই উপজেলার চর সলিমপুর গ্রামের তুষার ইমরান (৩৩), আওতাপাড়া গ্রামের জনি ইসলাম (৩০), একই গ্রামের রতন ইসলাম (১৯) ও সাজাদুর রহমান (২১)।
পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের এনসিডিপি গোয়ার্স মার্কেটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় মার্কেটের ভেতরে অবস্থানরত ৭ জন ব্যক্তি পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে থাকা একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিলেন এবং জব্দ করা আগ্নেয়াস্ত্রটি ইকবাল হোসেন ইমনের কাছে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ না পেয়ে তিনি অস্ত্রটি চৌকির নিচে রেখে দেন। তারা অস্ত্রটির বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। রোববার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।