
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত জাকিরের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠেন ব্যবসায়ী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (৫ জুলাই) সকালে ফতুল্লা আদালত চত্বরে মাসদাইর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, মামলার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, একজন নিরীহ ও পরিশ্রমী ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত নিশ্চিত না হলে সাধারণ ব্যবসায়ীদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই তদন্ত দ্রুত শেষ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
জানা যায়, গত ১ জুলাই রাতে দুর্বৃত্তরা বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেনকে হত্যা করে। পরে তার মরদেহ লেপ-তোশকে মোড়ানো অবস্থায় ফতুল্লার জামতলা এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ব্যবসায়ী মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে নিহতের মেয়ে আশা আক্তার, মাসদাইর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন, রবিউল ইসলামসহ বাজারের ব্যবসায়ী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার অত্যন্ত জরুরি। অন্যথায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করবে।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও মামলার অগ্রগতি সন্তোষজনক না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।