
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আবারও নোবেল শান্তি পুরস্কার প্রসঙ্গ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত নিরসনে নিজের ভূমিকার দাবি করে তিনি বলেন, এ পর্যন্ত অন্তত আটটি যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছেন, কিন্তু তারপরও নোবেল শান্তি পুরস্কার পাননি।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না।’ তার এই মন্তব্যের পর উপস্থিত সমর্থকেরা করতালি ও উল্লাসে প্রতিক্রিয়া জানান।
ভাষণের বড় একটি অংশজুড়ে ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ এবং বিভিন্ন সংঘাত নিরসনে নিজের ভূমিকার কথা তুলে ধরেন। তার দাবি, বিভিন্ন সময়ে নেওয়া পদক্ষেপের মাধ্যমে একাধিক বড় সংঘাত প্রশমিত করা সম্ভব হয়েছে।
তবে ট্রাম্পের ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবিকে বিশ্লেষকদের অনেকেই রাজনৈতিক বক্তব্য ও অতিরঞ্জিত দাবি হিসেবে দেখছেন।
নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের এমন মন্তব্য নতুন নয়। এর আগেও প্রথম মেয়াদে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে আব্রাহাম অ্যাকর্ডসসহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য বলে একাধিকবার দাবি করেছিলেন তিনি। এবারও একই প্রসঙ্গ তুলে পুরস্কার না পাওয়ার বিষয়টি হাস্যরসের ছলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।