
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি আবাসিক গ্রাহকদের জন্য মাসে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার আদেশে স্বাক্ষর করেন। একই সঙ্গে নারী নিরাপত্তা জোরদারে বিশেষ সুরক্ষা বাহিনী গঠনের নির্দেশও দেন তিনি।
রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। বিজয়ের সঙ্গে তাঁর মন্ত্রিসভার আরও নয়জন সদস্যও শপথ নেন।
শপথ অনুষ্ঠানটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক নেতার উপস্থিতিতে। লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়কে শুভেচ্ছা জানান। পাশাপাশি বিজেপি ও অন্যান্য দলের রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের লক্ষ্য নিয়ে থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজাগাম’ (টিভিকে) শেষ পর্যন্ত এককভাবে সেই সংখ্যায় পৌঁছাতে পারেনি। গত শুক্রবার পর্যন্ত দলটির আসন ছিল ১১৬।
পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি সমমনা দলের সমর্থন যুক্ত হয়ে জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-তে। এই সমর্থন পাওয়ার পরই তামিলনাড়ুর ইতিহাসে প্রথমবারের মতো জোট সরকার গঠন সম্ভব হয় এবং অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দ্রুত সিদ্ধান্ত ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।