
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে আর কোনও বাধা রইলো না অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের। বিদুথালাই চিরুথাইগাল কাছি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর নিঃশর্ত সমর্থন পাওয়ার পর তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।
শনিবার (৯ মে) এ সমর্থনের মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে চলা রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
এর আগে টানা তিন দিনে তিনবার রাজ্যপালের সঙ্গে দেখা করেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ বিধায়কের সমর্থন দেখাতে পারেননি বিজয়। ফলে তার সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে ভিসিকে ও আইইউএমএল সমর্থন দেওয়ায় এখন তার পক্ষে মোট ১২০ জন বিধায়ক রয়েছেন।
নির্বাচনে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) ১০৮টি আসনে জয় পেয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসে। তবে বিজয় দুটি আসনে জয় পাওয়ায় একটি আসন ছাড়তে হবে, ফলে কার্যত দলের আসন সংখ্যা দাঁড়ায় ১০৭।
চূড়ান্ত সমীকরণে দাঁড়াচ্ছে- ১০৭ (টিভিকে) + ৫ (কংগ্রেস) + ৪ (বাম) + ২ (ভিসিকে) + ২ (আইইউএমএল) = ১২০
দুই দশকের পুরনো মিত্র ডিএমকে ছেড়ে সবার আগে বিজয়কে সমর্থন জানিয়েছিল ৫ আসন পাওয়া কংগ্রেস। শুক্রবার ৪ বিধায়ক নিয়ে সমর্থন দেয় বাম দলগুলো। সবশেষে ভিসিকে ও আইইউএমএল-এর আনুষ্ঠানিক সমর্থনে বিজয় এখন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-এর ম্যাজিক ফিগার ছাড়িয়ে ১২০-এ পৌঁছেছেন। খুব দ্রুতই তিনি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।