
পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, তিনি ব্যক্তিগত কারণেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, ব্যক্তিগত কারণে প্রক্টরের পদ থেকে সরে দাঁড়িয়েছি। পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে বিশ্রামে থাকতে চাই।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, প্রক্টরের পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রক্টরের পদত্যাগ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তী সিদ্ধান্ত নেবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ২৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পরবর্তীতে রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনে উপাচার্য ও উপ-উপাচার্য পরিবর্তন হয়। এমন প্রেক্ষাপটের মধ্যেই প্রক্টরের পদত্যাগের ঘটনা ঘটল।