
নতুন প্রস্তাবের আড়ালে ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি দাবি করেন, বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং এতে বৈশ্বিক নিরাপত্তা ও বাণিজ্য ঝুঁকির মুখে পড়তে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “আমার মনে হচ্ছে ইরান সময়ক্ষেপণের চেষ্টা করছে, এবং আমরা তা হতে দিতে পারি না।” তিনি আরও বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরানের বক্তব্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অগ্রহণযোগ্য।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা নিরসন এবং যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে তিন ধাপের একটি প্রস্তাব দেয় ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ইরানি সূত্রের বরাতে জানা যায়, প্রস্তাবের প্রথম ধাপে পূর্ণ যুদ্ধবিরতি ও হামলা বন্ধের নিশ্চয়তা চাওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালির প্রশাসনিক ও পরিচালন কাঠামো নিয়ে আলোচনা এবং তৃতীয় ধাপে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতার কথা বলা হয়েছে।
তবে এই প্রস্তাবের সমালোচনা করে রুবিও বলেন, “হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ। এটি কারও একক নিয়ন্ত্রণে যেতে পারে না।”
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনার পরও স্থায়ী চুক্তি হয়নি। পাকিস্তানে অনুষ্ঠিত এক দফা বৈঠক ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় দফা সংলাপের আহ্বান জানানো হয়েছে। ইরান জানিয়েছে, নতুন ভিত্তিতে আলোচনা হতে পারে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ও পরমাণু কর্মসূচি ঘিরে এই নতুন কূটনৈতিক টানাপোড়েন মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।