
দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১৪ জনই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।
সোমবার সিটিলিংক এভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়।
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।
দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস জানান, দুর্ঘটনাস্থল দুর্গম পাহাড়ি এলাকায় হওয়ায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে সময় লাগে। পরে বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালানো হয়।
তিনি আরও বলেন, আগুনে পুড়ে যাওয়ায় নিহতদের মরদেহ অনেকটাই বিকৃত হয়ে গেছে, ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে উড্ডয়ন করে এবং ৯টা ৪৩ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে পাইলটসহ মোট ১৪ জন ছিলেন। নিহতদের মধ্যে ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন।