ওয়াশিংটনের এক অনুষ্ঠানে গুলির শব্দ শোনা যাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে ওই মুহূর্তে মেলানিয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়া ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক, যেখানে তাকে নিজের নিরাপত্তাকে আগে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরা হচ্ছে।
ঘটনাটি ঘটে গত ২৫ এপ্রিল স্থানীয় সময় রাত আনুমানিক ৮টা ২৬ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটনে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময়। অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং জেডি ভ্যান্সকে নিরাপত্তা বাহিনী দ্রুত মঞ্চ থেকে বের করে আনে।
ঘটনার পর প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, মেলানিয়া ট্রাম্প গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই দ্রুত টেবিলের নিচে আশ্রয় নেন। পরে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাকে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে একসঙ্গে স্থানত্যাগ করানো হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পুরো এলাকা নিরাপদ করেন।
ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। অনেকে মেলানিয়ার দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করলেও একটি অংশ তাকে নিয়ে সমালোচনাও করেন। কেউ কেউ মন্তব্য করেন, তিনি খুব দ্রুত নিজের নিরাপত্তা নিশ্চিত করেছেন, আবার কেউ দাবি করেন তিনি মুহূর্তেই প্রেসিডেন্টকে ‘ফেলে’ নিরাপদে সরে যান। এ নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্য ও প্রতিক্রিয়াও ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে অনলাইনে ছড়িয়ে পড়া মন্তব্যগুলোতে দেখা যায়, কেউ কেউ ঘটনাটিকে স্বাভাবিক আত্মরক্ষার প্রতিক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। তবে পুরো ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো প্রকাশ করা হয়নি।
সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভিত্তিক প্রতিবেদন