.png)
ভোলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া (বাতান খালী) এলাকায় স্বেচ্ছাসেবী, সমাজসেবা ও শিক্ষামূলক সংগঠন “আলোক দিশারী” মানবিক ও ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
২০২০ সালে আব্দুল মোতালেব ফরাজী জামে মসজিদ প্রাঙ্গণে প্রতিষ্ঠিত এই সংগঠনের মূল শ্লোগান— “ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে, মানবতা জাগ্রত হোক প্রতিটি বক্ষে”। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবকল্যাণ ও নৈতিক শিক্ষার প্রসারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সংগঠনের সদস্য সংখ্যা ৪০ জনের অধিক। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মসজিদের ইমাম, সভাপতি ও সেক্রেটারি। এছাড়া অনূর্ধ্ব-৪০ বছর বয়সী যুবক ও শিক্ষার্থীরা কার্যকরী সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা রাখছেন। দাতা সদস্য হিসেবে বয়স বা অবস্থানের কোনো বাধ্যবাধকতা নেই, তবে রাষ্ট্রদ্রোহী কার্যক্রমে জড়িত কেউ সদস্য হতে পারবেন না।
“আলোক দিশারী” সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পথচারীদের জন্য পাকা টয়লেট নির্মাণ, সড়কে নিরাপদ চলাচলের জন্য রোড মার্কার স্থাপন, অসহায় ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ এবং দরিদ্র মানুষের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ।
ধর্মীয় কার্যক্রমের অংশ হিসেবে মসজিদভিত্তিক রোজাদারদের জন্য ইফতার ও দোয়া মাহফিল আয়োজন, মাসব্যাপী কোরআন খতমে তারাবি পরিচালনা, তাফসীর মাহফিল আয়োজন এবং বয়স্ক মুসল্লীদের নামাজ ও কোরআন শিক্ষা প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের জন্য মক্তব শিক্ষা চালু রাখা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে সংগঠনটি অসহায় শিক্ষার্থীদের সহায়তা প্রদান, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং শ্রেষ্ঠ কারী নির্বাচনে প্রতিযোগিতা আয়োজন করে পুরস্কার প্রদান করছে।
এছাড়া পরিবেশ রক্ষায় মসজিদভিত্তিক সড়কে বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক দুর্যোগে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা প্রদান করছে সংগঠনটি। স্থানীয়দের মতে, “আলোক দিশারী” শুধু একটি সংগঠন নয়, বরং এটি মানবতা, শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠছে।