
ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাবটিতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কার্যকর সমাধান না থাকায় তিনি এতে সন্তুষ্ট নন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবটি পছন্দ করেননি। এর আগে সোমবার সকালে তিনি তাঁর শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠক করেন।
ইরানের বিভিন্ন সূত্র জানায়, প্রস্তাবে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ও উল্লেখ করা হয়েছে।
তবে ওয়াশিংটন শুরু থেকেই পারমাণবিক ইস্যুতে সুস্পষ্ট সমাধান চেয়ে আসছে। ফলে ইরানের এই প্রস্তাব মার্কিন প্রশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, দুই দেশের মধ্যকার উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তবে চলমান পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়া পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।