
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাড-হক কমিটির সদস্যরা আসন্ন নির্বাচনে অংশ নিতে হলে পদত্যাগ করতে হবে—এই নিয়মকে সামনে রেখে নির্বাচনকে ঘিরে নতুন করে সরব হয়ে উঠেছে ক্রিকেট প্রশাসন।
সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাড-হক কমিটিকে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, আগামী জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
নির্বাচনী বিধি অনুযায়ী, বর্তমান অ্যাড-হক কমিটির সদস্যদের নির্বাচন করতে হলে তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে হবে। সেই অনুযায়ী কয়েকজন সদস্য ইতোমধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
এর মধ্যে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তিনি বিসিবির পরবর্তী নির্বাচনে অংশ নেবেন। তবে তার আগে তিনি অ্যাড-হক কমিটি থেকে পদত্যাগ করবেন। তিনি বলেন, “আমি বিসিবির পরের নির্বাচন করব। তার আগে পদত্যাগ করব। আমার ক্লাব না থাকায় ক্যাটাগরি সি থেকেই নির্বাচন করার সম্ভাবনা বেশি।”
জানা গেছে, বর্তমান কমিটির ৭ থেকে ৮ জন সদস্য নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় আছেন। এর মধ্যে তামিম ইকবাল আগেই নির্বাচনে লড়ার কথা জানিয়েছেন। রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহাও প্রার্থী হতে পারেন। অন্যদিকে কয়েকজন সদস্য পদত্যাগ করে নির্বাচন থেকে দূরে থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে নির্বাচন না করার ঘোষণা আগেই দিয়েছেন তানজীল চৌধুরী। আর সাবেক ক্রিকেটার আতহার আলী খানও এবারের নির্বাচনে অংশ নেবেন না বলে জানা গেছে।
সব মিলিয়ে আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট প্রশাসনে ব্যস্ততা ও আলোচনা এখন তুঙ্গে।