
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই মাস ধরে চলা সংঘাত বন্ধে ইরান চাইলে সরাসরি তাকে ফোন করে আলোচনায় আসতে পারে। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না, এটাই আলোচনার প্রধান শর্ত।
রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান চাইলে সরাসরি যোগাযোগ করতে পারে এবং তাদের জন্য সুরক্ষিত যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
ট্রাম্প আরও বলেন, “তারা কী চাইছে, সেটা তারা জানে-পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। না হলে আলোচনার কোনো মানে নেই।”
অন্যদিকে সংঘাত ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও ওমান সফরের পর রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানা গেছে।
এদিকে আলোচনায় সম্ভাব্য একটি প্রস্তাবে পাকিস্তান মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্রকে নতুন একটি পরিকল্পনা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এতে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে, তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখার প্রস্তাবও রয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে বর্তমানে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অচলাবস্থা আরও বাড়ছে, যার প্রভাব ইতোমধ্যে বিশ্ববাজার ও জ্বালানি দামে দেখা যাচ্ছে।