
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান। দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কৌশলগত জলপথে ওয়াশিংটনের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।
তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’
চলমান আঞ্চলিক সংকটের কারণে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এখানকার যেকোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।
জেনারেল আসাদি বলেন, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই।’
তিনি আরও অভিযোগ করেন, ‘শত্রুপক্ষ হরমুজ প্রণালিতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না।’
মার্কিন নেতৃত্বের আচরণকে ‘দাদাগিরি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড আমেরিকার জনগণের জন্যও লজ্জাজনক এবং আঞ্চলিক ইস্যুগুলো ‘সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন’।
ওয়াশিংটনের উদ্দেশে সরাসরি বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের তেলসহ অন্যান্য সম্পদ নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়।
তিনি জোর দিয়ে বলেন, ‘ইরান ও তার জনগণ এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’