
যুদ্ধবিরতির মধ্যেও ইরানের জাঞ্জান প্রদেশে বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানা গেছে।
আইআরজিসির জনসংযোগ দপ্তর জানায়, বিশেষ প্রশিক্ষিত বোমা নিষ্ক্রিয়কারী দল এই অভিযান পরিচালনা করে। এতে শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত ৯ হাজার ৫০০টিরও বেশি বোমার ক্ষুদ্রাংশ (বোম্বেট) শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়েছে।
এ ছাড়া অভিযান চলাকালে এফ–১৫, এফ–১৬ ও এফ–৩৫ যুদ্ধবিমান থেকে ছোড়া ৫২টি অবিস্ফোরিত রকেট ধ্বংস করা হয়। একই সঙ্গে ১০টির বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, তিনটি ২ হাজার পাউন্ড ওজনের মার্কিন জিবিইউ–৫৭ বাংকার বিধ্বংসী বোমা ধ্বংস করা হয়েছে এবং একই ধরনের আরেকটি বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। পাশাপাশি একটি ৫০০ পাউন্ড ওজনের দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি জিবি–৩৯ ক্ষেপণাস্ত্রও নিষ্ক্রিয় করা হয়েছে।
আইআরজিসি দাবি করেছে, এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল।
সূত্র: তাসনিম নিউজ