
লেবাননের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির বিরুদ্ধে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা শহরের প্রায় ১৫০ জন বাসিন্দা পশ্চিম জেরুজালেমে গিয়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন। তারা চুক্তির বিরোধিতা করে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১০ দিনের এই যুদ্ধবিরতি শুক্রবার (১৭ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। এটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর যুদ্ধবিরতি কাঠামো স্থিতিশীল করার প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করা হচ্ছে।
তবে উত্তর ইসরায়েলের বাসিন্দারা, যারা হিজবুল্লাহর রকেট হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন, তারা এই চুক্তিকে প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, হিজবুল্লাহ এখনো সম্পূর্ণভাবে নিরস্ত্র হয়নি এবং এখনও বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে রয়ে গেছে।
কিরিয়াত শমোনার মেয়র আভিচাই স্টার্ন বলেন, উত্তরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে এবং সীমান্ত হুমকি দূর করার দাবি জানান।
বিক্ষোভকারীদের একজন আইনাত দারদারি বলেন, তিনি যুদ্ধবিরতি সিদ্ধান্তে হতাশ এবং ইসরায়েলি সেনাবাহিনীর হিজবুল্লাহবিরোধী অভিযান স্থগিত করায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
সূত্র: আল জাজিরা