পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় কোনো আলোচনায় অংশ না নেওয়ার কঠোর অবস্থান নিয়েছে ইরান।
এতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।
রবিবার (১৯ এপ্রিল) একটি রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, তেহরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে অবরোধ বহাল থাকা অবস্থায় তারা কোনো ধরনের আলোচনার টেবিলে বসবে না বা কোনো প্রতিনিধি দল পাঠাবে না। ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, একই সঙ্গে চাপ বজায় রেখে আলোচনার উদ্যোগকে তারা গ্রহণযোগ্য মনে করছে না।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি সংকট নিয়ে সমাধানের পথ খুঁজতে চলতি সপ্তাহের শেষ দিকে বা আগামী সপ্তাহে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার প্রস্তুতি চলছিল। পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার কথা ছিল।
তবে নতুন এই ঘোষণার পর পুরো প্রক্রিয়াটি অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, নৌ-অবরোধ ইস্যুতে কোনো ধরনের সমঝোতা বা নমনীয়তা না এলে ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনা আপাতত স্থগিত হয়ে যেতে পারে।