
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত ৩৬ প্রার্থীর তালিকা সোমবার (২০ এপ্রিল) প্রকাশ করা হবে। এ লক্ষ্যে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড গত দুই দিনে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করেছে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকারে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী নেত্রীরা অংশ নেন। তারা বিগত আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ ও দলের প্রতি অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে মনোনয়ন পাওয়া বা না পাওয়ার পর দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
দলীয় সূত্র জানায়, শনিবার (১৮ এপ্রিল) সাক্ষাৎকারের শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের ৩৭৮ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেওয়া হয়।
সূত্র জানায়, ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে প্রথমে ৩০০ জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। দলটি ত্যাগী, পরীক্ষিত ও উচ্চশিক্ষিত নারী নেত্রীদের মূল্যায়ন করেছে বলে জানা গেছে।
সম্ভাব্য তালিকায় যারা আছেন
সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ডা. সানসিলা জেবরিন পিয়াংকা, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবি নাজনিন, রিজিয়া পারভীন, সাবিরা নাজমুল, শাম্মী আক্তার, নিলোফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, শিরীন সুলতানা, নেওয়াজ হালিমা আরলি, চৌধুরী নাদিরা আক্তার, হাসনা জসিম উদ্দীন মওদুদ, মাহমুদা হাবিবা, নাসিমা আক্তার কল্পনা, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, ফেরদৌস আহমেদ মিষ্টি, হাসনা হেনা হীরা, আরিফা সুলতানা রুমা, রুকসানা শাহনাজ, নাদিয়া পাঠান পাপন, ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং শামীমা আক্তার রুবী।
বাদ পড়তে পারেন যারা
আলোচিত কয়েকজন নেত্রী মনোনয়ন ফরম না তোলা বা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন সালাউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদ এবং স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
এ ছাড়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।