
ইউক্রেনের রাজধানী কিয়েভে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) শহরের দক্ষিণাঞ্চলের হলোসিভস্কি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইহর কলিমেনকো জানান, এক ব্যক্তি রাস্তায় নেমে সাধারণ মানুষের ওপর গুলি চালাতে শুরু করেন। পরে তিনি কয়েকজনকে জিম্মি করে কাছাকাছি একটি সুপার মার্কেটে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীর সঙ্গে বন্দুকযুদ্ধে জড়ায়। একপর্যায়ে সুপার মার্কেটের ভেতরেই ওই বন্দুকধারী নিহত হন।
হামলার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসচকো জানান, আহতদের মধ্যে এক শিশুসহ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলেও নিশ্চিত করা হয়েছে।
এদিকে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল রাসলান ক্রাভচেঙ্কো জানান, হামলাকারীর বয়স ৫৮ বছর এবং তিনি রাশিয়ার রাজধানী মস্কো থেকে কিয়েভে এসেছিলেন। তিনি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে হামলা চালান।
ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র: বিবিসি, সিএনএন