
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনার আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার উদ্দেশ্যে রোববার (১৯ এপ্রিল) ওয়াশিংটনের ওই দলটি ইসলামাবাদে পৌঁছে।
আগামী সপ্তাহে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে পাকিস্তান, ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আলোচনার সময়সূচি ঘোষণা করা হয়নি।
উচ্চপর্যায়ের এই বৈঠক ঘিরে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন ও বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। নাগরিকদের বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।
একই সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডিতে সব ধরনের গণপরিবহন ও পণ্যবাহী যান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে দুই শহরেই হাজার হাজার পুলিশ ও বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
রাওয়ালপিণ্ডি পুলিশের নির্দেশে পুরো শহরকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে এলিট কমান্ডো, স্নাইপার, ডলফিন ফোর্স ও কুইক রেসপন্স ইউনিট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেফ সিটি সিস্টেমের মাধ্যমে সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগে গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং ১০–১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর থেকে কূটনৈতিক আলোচনা চলমান রয়েছে।
ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনো গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আলোচনাগুলো “খুবই ফলপ্রসূ” হচ্ছে, তবে তিনি ইরানকে চাপ প্রয়োগ বা ব্ল্যাকমেইল থেকে বিরত থাকার সতর্কবার্তাও দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, দ্বিতীয় দফার এই আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমিয়ে স্থায়ী সমাধানের পথ খোঁজার চেষ্টা চলছে।
সূত্র: জিও নিউজ