
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক কর্মকাণ্ডেও। এ কারণে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২৫ থেকে ২৭ মার্চ পর্যন্ত দোহায় আইসিসির এই বোর্ড সভা আয়োজনের পরিকল্পনা ছিল। তবে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সভাটি আপাতত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কাতারে ক্রিকেটের প্রতি বাড়তে থাকা আগ্রহ এবং দেশটির ক্রীড়া অবকাঠামোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই বোর্ড সভার জন্য দোহাকে ভেন্যু হিসেবে নির্বাচন করেছিল আইসিসি। কিন্তু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তা স্থগিত করতে হয়েছে।
আইসিসি জানিয়েছে, আগামী এপ্রিল মাসের কোনো এক সময়ে সভাটি আয়োজনের চেষ্টা করা হবে। তবে নতুন তারিখ বা ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি।
এদিকে রোববার (৮ মার্চ) ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। এই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে, আর আইসিসির শীর্ষ কর্মকর্তারা গ্যালারিতে বসে এই গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করবেন।