
সিরাজগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি সিলগালা করে দিয়েছে টাস্কফোর্স। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কারখানাটি স্থানীয় এক জামায়াত নেতার মালিকানাধীন বলে জানা গেছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার শাহানগাছা এলাকায় দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধ তৈরির নামে পরিচালিত ওই কারখানায় এই অভিযান চালানো হয়।
কারখানাটির মালিক নজরুল ইসলাম। তিনি সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং একই ইউনিয়ন জামায়াতের আমির।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, কারখানাটি কাগজে-কলমে দাঁতের মাজন ও কীটনাশক তৈরির প্রতিষ্ঠান হলেও সেখানে হারপিক ও কয়েল উৎপাদন করা হচ্ছিল। তবে পণ্যের প্রস্তুতকারক হিসেবে নজরুল ইসলামের কোম্পানির নাম ব্যবহার করা হচ্ছিল।
তিনি আরও জানান, নিমের মাজন নামে পণ্য বাজারজাত করা হলেও তাতে নিমের কোনো উপাদান ব্যবহার করা হয়নি। পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই গরু ও হাঁস-মুরগির ওষুধও তৈরি করা হচ্ছিল।
অভিযানে দেখা যায়, উৎপাদিত পণ্যগুলোর কোথাও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এসব অনিয়মের কারণে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়; জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধি এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।