.jpg)
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের হঠাৎ বিদায়ের দিনেই তার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ব্যক্তিগত কর্মকর্তা এবং অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে সদর ঘাট অফিসে বদলি করা হয়েছে।
গত সোমবার (০৮ মার্চ) বদলি কার্যকরের পর কামরুল ইসলাম এবং কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক লিজা ফাহমিদার পূর্ব নির্ধারিত সিঙ্গাপুর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপসহ ৯ জনের টিম থেকে তাদের নাম প্রত্যাহার করা হয়েছে। পরিচালক লিজা ফাহমিদা এবং অতিরিক্ত পরিচালক কামরুল ইসলামের ৯ থেকে ১১ মার্চ সিঙ্গাপুরের সরকারি ভ্রমণ থেকে প্রত্যাহার করে গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস অর্ডার ইস্যু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নথিপত্র অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট এন্ড স্ট্র্যাটেজিক প্লানিং ডিপার্টমেন্টের (এফএসএসএস পিডি) বিভাগের পরিচালক লিজা ফাহমিদা এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের ব্যক্তিগত কর্মকর্তা (পিএস) কামরুল ইসলামসহ ৯ কর্মকর্তা ৯ থেকে ১১ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিত’ স্ট্র্যাটেজিক থিংকিং এন্ড ডিসিশন মেকিং ফর সেন্ট্রাল ব্যাংক লিডার্স’ শীর্ষক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য গত ১০ ফেব্রুয়ারি অুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ-২। কিন্তু অনুষ্ঠানের মাত্র একদিন আগে গত ৮ মার্চ লিজা ফাহমিদা এবং কামরুল ইসলামের নাম ৯ সদস্যের সঙ্গে প্রত্যাহার করে অর্ডার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, লিজা ফাহমিদা এবং কামরুল ইসলাম সাবেক গভর্নরের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ছিলেন। কামরুল ইসলাম বিদেশ ভ্রমণে কর্মসূচির সঙ্গে জড়িত না হলেও তার নাম জোরপূর্বক নাম অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু গত ২৫ ফেব্রুয়ারি গভর্নরের নিয়োগ বাতিল করা হয়। একইদিনে কামরুলকে তড়িঘড়ি প্রধান কার্যালয়ের গভর্নর শাখা থেকে বদলি করে সদর ঘাট অফিসে বদলি করা হয়। আবার গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জের ধরে পরিচালক লিজা ফাহমিদার নামও বিদেশ ভ্রমণ থেকে প্রত্যাহার করা হয়। দলের অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরিচালক লিজা ফাহমিদা নিয়ম অনুযায়ী সিঙ্গাপুর যাননি বিষয়টি নিশ্চিত করে এর বাইরে কোন মন্তব্য করতে রাজি হননি। আর কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হরে তিনি কল রিসিফ করেন নি এবং ক্ষুদে বার্তার জবাব দেননি।