
মধ্যপ্রাচ্যে ইরানের ছোড়া ড্রোনের হুমকি মোকাবিলায় ১১টি দেশের সহায়তা চেয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে সংঘর্ষরত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার এ তথ্য জানিয়েছেন।
জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যে ইরানের ছোড়া ড্রোনগুলো কীভাবে প্রতিহত করা যায়, সে বিষয়ে কিয়েভের কাছে সহায়তা চাওয়া হয়েছে ১১টি দেশের পক্ষ থেকে।”
তিনি আরও জানান, এই অনুরোধ এসেছে ইরানের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি ইউরোপের কয়েকটি রাষ্ট্র ও যুক্তরাষ্ট্র থেকে। প্রাণহানি রোধ, ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ইউক্রেনের অভিজ্ঞতা বিষয়ে দেশগুলোর আগ্রহ প্রকাশ পেয়েছে।
জেলেনস্কি বলেন, রাশিয়ার ছোড়া ইরানি ড্রোনের নৈশকালীন হামলা প্রতিহত করার মাধ্যমে ইউক্রেন বিশ্বমানের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করেছে।
এদিকে, তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ানটেপে পড়ে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, “তুরস্ক আমাদের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধেয়ে আসা যেকোনও হুমকির বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ বিষয়ে আমাদের সতর্কবার্তা গুরুত্ব দেওয়া সবার জন্যই মঙ্গলজনক হবে।”
সূত্র: এএফপি।